প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ এ.এম
বগুড়ায় দেশের প্রথম ডিজিটাল ট্রান্সফরমেশন উপশাখার উদ্বোধন
বগুড়ার ধুনটের বোহাইল চরে দেশের প্রথম ডিজিটাল ট্রান্সফরমেশন উপশাখার উদ্বোধন করা হয়।
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী বোহাইল চরে দেশের প্রথম ডিজিটাল ট্রান্সফরমেশন উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ব্র্যাকের উদ্যোগে এই উপশাখার উদ্বোধনের মাধ্যমে চরের মানুষের আর্থিক লেনদেনে নতুন দিগন্তের সূচনা হলো।
ব্র্যাক সূত্রে জানা গেছে, এই ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমের আওতায় উপশাখাটিতে সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে আর্থিক লেনদেন পরিচালিত হবে। চরের মানুষ এখন থেকে হাতে নগদ টাকা ব্যবহার না করে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রকেট ওয়ালেটের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এতে করে আর্থিক সেবা গ্রহণ আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের নর্থওয়েস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অফিস থেকে ইন্টারনাল অডিট বিভাগের মো. রোকন উদ্দিন, ইন্টারনাল অডিট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার পরিতোশ চক্রবর্তী, ম্যানেজার (বিডিইউ) মো. দুলাল উদ্দিন এবং রিজিওনাল ম্যানেজার (দাবি) মো. মামুন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব) নির্মল কান্তি ভাদুড়ি, ডেপুটি ম্যানেজার (এডমিন) মো. বদরুদ্দোজা, ধুনট এরিয়া ম্যানেজার মো. শরিফুর রহমান, উপজেলা হিবাস ব্যবস্থাপক মো. শামছুল হক, রিজিওনাল কো-অর্ডিনেটর (লিড) মো. হাসানুল কবিরসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় এলাকাবাসী।
বক্তারা বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে চরের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়বে। এই উদ্যোগ চরের দুর্গম এলাকায় আধুনিক আর্থিক সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
