শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৮ দুপুর

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৮ দুপুর

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পি.এম

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পি.এম

টঙ্গীতে বিএনপির প্রচারণায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ শতাধিক

টঙ্গীতে ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা

গাজীপুর-২ আসনে বিএনপির শেষ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে টঙ্গীতে এক ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এই দুর্ঘটনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রচারণায় অংশ নিতে টঙ্গী এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। প্রচারণা বর্ণাঢ্য করতে মিছিলের আগে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধদের মধ্যে শ্রমিক, নেতাকর্মী এবং পথচারীরাও রয়েছেন।

বিস্ফোরণের পরপরই এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাফিসা শারমিন জানান: দগ্ধদের মধ্যে অনেকের শরীরের বড় অংশ পুড়ে গেছে।বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণকেই দুর্ঘটনার কারণ মনে করা হচ্ছে। তবে এর পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে দগ্ধদের খোঁজখবর নিয়েছেন এবং একে একটি ‘মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।