প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পি.এম
রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’
সংগৃহীত
ইউরোপের মাটিতে বাংলাদেশের সিনেমা গৌরবের স্বাক্ষর রাখল। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ২০২৬-এ মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশি রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র ‘মাস্টার’। সিনেমাটির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি আন্তর্জাতিক চলচ্চিত্রকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হয়েছে ‘মাস্টার’। এই অর্জনকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পুরস্কার হিসেবে ‘মাস্টার’ পেয়েছে ১৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকা। এছাড়া সিনেমাটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব নেওয়া পরিবেশককে উৎসবের পক্ষ থেকে আরও অতিরিক্ত ১৫ হাজার ইউরো সহায়তা দেওয়া হবে। ফলে ইউরোপীয় বাজারে সিনেমাটি প্রদর্শন ও বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
জুরি বোর্ডের মূল্যায়নে বলা হয়েছে, ‘মাস্টার’ একটি ব্যক্তির নৈতিক অবস্থান ধরে রাখার সংগ্রামের সর্বজনীন গল্প তুলে ধরে। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়, তা সিনেমায় সূক্ষ্ম ও বহুস্তরীয় ভাষায় তুলে ধরা হয়েছে।
তারা আরও উল্লেখ করেন, সিনেমাটিতে ভিজ্যুয়াল নির্মাণ, জীবন্ত লোকেশন এবং বাস্তবধর্মী পার্শ্বচরিত্রের মাধ্যমে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আরও গভীরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে মূল অভিনেতার অভিনয় শেষ পর্যন্ত ক্ষমতার সর্বগ্রাসী রূপকে উন্মোচন করে দর্শককে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।
গত ২ ফেব্রুয়ারি রটারড্যামে অনুষ্ঠিত হয় ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। প্রিমিয়ারের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি প্রশংসিত হতে থাকে এবং মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসে চলচ্চিত্রটি।
