প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পি.এম
১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এক তথ্য বিবরণীর মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।
ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
সেই অনুযায়ী নিষেধাজ্ঞার সময়সীমা হলো:শুরু: ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টা।শেষ: ১৪ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৪টা।
তথ্য বিবরণীতে আরও নিশ্চিত করা হয়েছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতেই এই আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
