শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৫ দুপুর

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৫ দুপুর

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পি.এম

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান, জনসভায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে শনিবার বেলা পৌনে ১২টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভামঞ্চে উপস্থিত হন। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তারেক রহমান তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন। দীর্ঘ সময় পর তাঁর এই প্রত্যাবর্তন নেতাকর্মীদের কাছে এক বিশেষ আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার প্রতিফলন ঘটেছে জনসভার বিশাল জনসমাগমে।

শনিবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলোয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঞ্চালনায় এই সমাবেশে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দলীয় প্রার্থীরা অংশ নিয়েছেন। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সকাল থেকেই দলে দলে সমবেত হন নেতাকর্মীরা।

ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর পৌঁছানোর পর হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে আসেন তারেক রহমান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এদিন দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আরও দুটি জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।