সোমবার ০২, মার্চ ২০২৬ ২ : ৫৩ দুপুর

সোমবার ০২, মার্চ ২০২৬ ২ : ৫৩ দুপুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পি.এম

শেফার্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

সংগৃহীত

ম্যাচের ১৭তম ওভারেই নির্ধারিত হয়ে যায় ফল। একটু একটু করে স্কটল্যান্ড এগিয়ে যাচ্ছিল। খেলছিল জয়ের জন্যই। কিন্তু, ওয়েস্ট ইন্ডিজের পেসার রোমারিও শেফার্ড সেটি হতে দেননি। হ্যাটট্রিকসহ এক ওভারে তুলে নেন চার উইকেট। তাতেই ভাঙে স্কটিশদের প্রতিরোধ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ পায় ৩৫ রানের জয়।

কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড।

স্কটিশদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ সংগ্রহ আসে অধিনায়ক রিচি বেরিংটনের ব্যাট থেকে। যতক্ষণ ক্রিজে ছিলেন, শাসিয়েছেন ক্যারিবীয় বোলারদের। আউট হওয়ার আগে ২৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪২ রান করে রিচি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ বলে ৩৫ করেন টম ব্রুস। এছাড়া বলার মতো রান করতে পারেননি কেউ। শেষ চারজনের তিনজনেই ফিরেছেন রানের খাতা খোলার আগে।

উইন্ডিজদের পক্ষে ৩ ওভারে ২০ রানে ৫ উইকেট নেন শেফার্ড। ৩০ রানে জেসন হোল্ডারের শিকার তিনটি।

ব্যাটিংয়ে ক্যারিবীয়দের টেনেছেন শিমরন হেটমায়ার। ৩৬ বলে দুই চার ও ছয় ছক্কায় ৬৪ রান করেন হেটমায়ার। ৩০ বলে ৩৫ আসে ওপেনার ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে। দলের সংগ্রহ ১৮০ ছাড়ানোর পেছনে বড় ভূমিকা রেখেছেন রভম্যান পাওয়েল (১৪ বলে ২৪) ও শেরফান রাদারফোর্ড (১৩ বলে ২৬)। দুজনের ক্যামিওতে শক্ত পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

স্কটল্যান্ডের পক্ষে ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট শিকার করেন ব্র্যাড কারি।