শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৫ দুপুর

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৫ দুপুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এ.এম

ধূমকেতু একাদশকে হারিয়ে শুভসূচনা দুর্বার একাদশের

আগের দিন দুরন্ত একাদশকে হেসেখেলে হারায় ধূমকেতু একাদশ। পরদিনই মুদ্রার উল্টো পিঠ দেখল দলটি। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুর্বার একাদশের মুখোমুখি হয় ধূমকেতু। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে। তবে, ধূমকেতুকে ২ উইকেটে হারিয়ে শেষ হাসি হেসেছে দুর্বার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে ধূমকেতু একাদশ। জবাবে ১৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে দুর্বার একাদশ।

রান তাড়ায় শুরুতে হোঁচট খায় দুর্বার। মুখ থুবড়ে পড়ে টপ অর্ডার। ২০ রান তুলতেই নেই ৩ উইকেট। দলীয় ১৫ রানে অধিনয়ক নাজমুল হোসেন শান্ত (২) বিদায় নেন। আরেক ওপোনার হাবিবুর রহমান সোহান সাজঘরে ফেরেন ৯ বলে ১৭ রানে। আফিফ হোসেন ধ্রুব (১) তৃতীয় ব্যাটার হিসেবে আউট হলে চাপে পড়ে দুর্বার।

সেখান থেকে একটু একটু করে দলকে টেনে তোলার চেষ্টা করে মিডল অর্ডার। তবু, ধূমকেতুর বোলারদের সামনে দাঁড়াতে পারেনি কেউ। আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন নুরুল হাসান সোহান। মূলত, তিনিই আশার আলো হয়ে ছিলেন। ইনিংস শেষের এক বল আগে রানআউট হন তিনি। এর আগে কাজের কাজ করে যান। ৪৪ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলে দুর্বারের জয় নিশ্চিত করেন সোহান।

ধূমকেতুর হয়ে বল হাতে নেতৃত্ব দিয়েছেন শেখ মেহেদি। ৪ ওভারে ১১ রানে তার শিকার ৪ উইকেট।

বোলিংয়ের আগে ব্যাটিংয়েও ধূমকেতুর হয়ে অবদান রেখেছিলেন মেহেদি। ২৭ বলে অপরাজিত থাকেন ৩১ রানে। দলের পক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ। আজও আলো ছড়িয়েছেন ধূমকেতু অধিনায়ক লিটন দাস। ৩৭ বলে দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেন লিটন। সাইফ হাসান করেন ২০ বলে ২৮ রান।

দুর্বারের পক্ষে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।