সোমবার ০২, মার্চ ২০২৬ ২ : ৫৩ দুপুর

সোমবার ০২, মার্চ ২০২৬ ২ : ৫৩ দুপুর

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পি.এম

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অতিরিক্ত ডিআইজিসহ আহত ১৬ পুলিশ

ফাইল ছবি

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি কমিশনার জানান, আহতদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট ও বেশ কয়েকজন কনস্টেবল রয়েছেন। তাদের বেশির ভাগেরই হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও একজনের মাথায় সেলাই দিতে হয়েছে।

গতকাল শুক্রবার হাদি হত্যার বিচার দাবিতে 'ইনকিলাব মঞ্চ' এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের পৃথক দুটি কর্মসূচিকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য, বিচারপ্রার্থী শিক্ষার্থী ও দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত চাকরিজীবীদের ছত্রভঙ্গ করতে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ও মারমুখী আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ইতিমধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।