সোমবার ০২, মার্চ ২০২৬ ৪ : ৩৬ বিকাল

সোমবার ০২, মার্চ ২০২৬ ৪ : ৩৬ বিকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পি.এম

মিরপুরের ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

ফাইল ছবি

ঢাকার মিরপুর এলাকার তিনটি নির্বাচনী আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে। শনিবার দুপুরে মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

লে. কর্নেল ফুয়াদ মাসরুর নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের তা যাচাই করে নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ভুল বা উসকানিমূলক সংবাদ যেন কোনোভাবেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে।

সেনাবাহিনী প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করারও আশ্বাস দিয়েছে। দায়িত্ব পালনকালে কোথাও কোনো অপ্রীতিকর বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।