শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩২ দুপুর

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩২ দুপুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এ.এম

স্বর্ণের বাজারে আবারও অস্থিরতা, একদিনে ভরিতে বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা

ফাইল ছবি

দেশের স্বর্ণের বাজারে দামের অস্বাভাবিক অস্থিরতা কোনোভাবেই থামছে না। দাম কমানোর ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের বড় অঙ্কের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই সিদ্ধান্তে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম আবারও ২ লাখ ৬২ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বাজুসের পক্ষ থেকে শনিবার সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্যতালিকা প্রকাশের পর থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে। এবারের ঘোষণায় ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন থেকে গুণতে হবে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায়।

স্বর্ণের দামে এমন লাফ দিলেও রুপার বাজারে বর্তমানে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকাতেই অপরিবর্তিত রয়েছে। একইভাবে ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দামও স্থিতিশীল আছে।

দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৯৬৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত দিনের তুলনায় ১১৬ ডলার বেশি। মূলত বিশ্ববাজারের এই বাড়তি প্রভাবই দেশের খুচরা বাজারে বার বার অস্থিরতা তৈরি করছে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। ওই দিন সকালে এক ধাপে রেকর্ড ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল। সেই সময় থেকেই স্থানীয় জুয়েলারি বাজারে চরম অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।