প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পি.এম
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের তিন দিন পর মৃত্যু
সংগৃহীত ছবি
নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র জিহার হোসেন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
১ নং পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জিহার মোটরসাইকেল নিয়ে গালিমপুর মসজিদ মোড় থেকে সাদিমারা এলাকার দিকে যাচ্ছিল। পথে গালিমপুর হাফিজিয়া মাদ্রাসার নামফলকের পিলারের সাথে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে সে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রোববার রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত জিহার হোসেন উপজেলার গালিমপুর পারকুঠী গ্রামের টিপু সুলতানের ছেলে। সে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। তার এই অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
