প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পি.এম
শহীদদের রক্তে অর্জিত গণতন্ত্র রক্ষার নির্বাচন ১২ ফেব্রুয়ারি
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেবল একটি ভোট নয়, বরং জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষার সুযোগ হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনী জনসভায় তারেক রহমান তার শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “ঢাকা-১৭ আসন আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত আবেগের জায়গা। এখানে আমি ও আমার ভাই বড় হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবনের অধিকাংশ সময় এই এলাকাতেই কাটিয়েছেন।” এই মাটির সাথে আত্মার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি এলাকাবাসীর প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন।
বক্তব্যে তারেক রহমান দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দুটি বড় প্রকল্পের ঘোষণা দেন:
ফ্যামিলি কার্ড: দেশের প্রতিটি মা ও গৃহিণীকে সরাসরি আর্থিক সহায়তা দিতে এই কার্ড চালু করা হবে। নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
কৃষি কার্ড: প্রান্তিক ও মাঝারি কৃষকদের জন্য এই কার্ড চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সরকারি ভর্তুকি ও সুযোগ-সুবিধা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে।
তারেক রহমান উপস্থিত জনতাকে জুলাই আন্দোলনের শহীদদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে। ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
স্থানীয় নেতৃবৃন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভাটি ‘ভোট দিবো কিসে—ধানের শীষে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
