এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

?= e($news['title']); ?>

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো ধরনের জালিয়াতি বা ভোট চুরি রুখতে এখন থেকেই পাহারাদারি শুরু করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা-১৩ আসনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

নির্বাচন কমিশন কর্তৃক ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতর মোবাইল ও রেকর্ডিং ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, “জুলাই আন্দোলনে অপরাধ গোপন করতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আজ কার ইশারায় ইসি আবার সেই অন্ধকার পথে হাঁটছে? জুলাইয়ের মতো আজকেও কোনো অপকর্ম মেনে নেওয়া হবে না।”

তিনি আরও যোগ করেন, আজ সন্ধ্যার মধ্যে এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হলে নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের সমর্থনে আয়োজিত এই সভায় শফিকুর রহমান বলেন, “আমরা জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে এবং ১৮ কোটি মানুষের স্বপ্ন নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও অপরাধীদের বিরুদ্ধে। নির্বাচিত হলে আমরা কোনো দলীয় সরকার নয়, বরং জনগণের সরকার কায়েম করব।”

ঢাকা-১৩ আসনকে মর্যাদাপূর্ণ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এই এলাকায় অতীতে মাদক ব্যবসা, দখলবাজি ও মামলা বাণিজ্য চালানো হয়েছে। পরাজিত হওয়ার ভয়ে একটি পক্ষ এখন অস্ত্রের ভান্ডার গড়ে তুলছে এবং ভোট হাইজ্যাক করার চিন্তা করছে বলে তিনি দাবি করেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের ভোট ছিনতাইয়ের দুঃসাহস দেখাবেন না, জুলাই যোদ্ধারা এখনো জেগে আছে।”

নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

পোস্ট লিংক : https://xn--lck2e.online/news/1308