বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিল ইসি
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে কোনো বহিরাগত ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করতে পারবেন না।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বহিরাগতরা নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না।
কারা থাকতে পারবেন:
নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিবর্গ।
নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি।
সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আদেশ কঠোরভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করেছে কমিশন।