বিএনপির দেশ পরিচালনার সামর্থ্য নেই: কর্নেল অলি

?= e($news['title']); ?>

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, বীর বিক্রম বলেছেন, বিএনপির দেশ পরিচালনার সামর্থ্য নেই। বিএনপি এখন ক্ষমতায় গেলে দেশজুড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে, চট্টগ্রাম বন্দর দখল করবে এবং ব্যাংক লুটে নেবে। শনিবার চট্টগ্রামের আনোয়ারার টানেল মোড়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, আমি বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন ছিলাম। দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু যখন বুঝতে পারলাম বিএনপি আর বেশিদিন টিকবে না, তখনই দল ছেড়ে দিই। বিএনপি এখন রাজনৈতিকভাবে অসুস্থ—তাদের চিকিৎসা দরকার। এই দল দিয়ে দেশ চালানো সম্ভব নয়।

১১ দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচারের জবাবে তিনি বলেন, অনেকে বলে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করা হবে, বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই—আমরা কারও ব্যক্তিগত কিংবা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। বরং যারা নিজেরাই ধর্ম ঠিকমতো পালন করে না, তারাই অন্যের ধর্মে হস্তক্ষেপ করে।

নির্বাচনের প্রসঙ্গ টেনে কর্নেল অলি আরও বলেন, ১২ তারিখ পর্যন্ত যা করার করে নেন। ১২ তারিখ এ দেশের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের ভাতের হোটেল বন্ধ করে দেবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম–১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আনোয়ারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তিনি বলেন, এখানে শিল্পকারখানা গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত তরুণদের কর্মসংস্থান হয়নি। নারীদের জন্য পর্যাপ্ত সরকারি স্কুল ও মাদ্রাসা নেই। যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর মতো কোনো ট্রেনিং সেন্টারও নেই। এই আসনে দাঁড়িপাল্লার বিজয় হলে এসব সমস্যার সমাধানের পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক বলেন, যারা মুখে সংস্কারের কথা না বলে শুধু ভোটের প্রচারণা চালাচ্ছে, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। যেমন ৩৬ জুলাইয়ের পর আওয়ামী লীগকে লাল কার্ড দেখানো হয়েছে, তেমনি ১২ তারিখ তাদেরও লাল কার্ড দেখানো হবে।

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম বলেন, যোগ্য নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই। চাঁদাবাজ ও ঋণখেলাপীদের প্রত্যাখ্যান করুন। সৎ ও যোগ্য নেতৃত্বকে দাঁড়িপাল্লায় ভোট দিন।

দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাঈল হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা ও নুরউদ্দীন জাহাঙ্গীর যৌথভাবে সঞ্চালনা করেন। সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা জিয়াউল হুসেইন জিয়া, খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর হাফেজ মাহবুবুর রহমান হানিফ, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জুনু মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, খেলাফত মজলিস আনোয়ারা উপজেলা সভাপতি মাওলানা মুফতি ইমরান ইসলামাবাদীসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://xn--lck2e.online/news/1226