ফাহিমের ঝড়ে ডাচদের স্বপ্নভঙ্গ, নাটকীয় জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

?= e($news['title']); ?>

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। কলম্বোয় ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে খেই হারিয়ে ফেললেও ফাহিম আশরাফের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাবর আজমের দল।

ম্যাচের এক পর্যায়ে ২ উইকেটে ৯৮ রান করা পাকিস্তান দ্রুত উইকেট হারিয়ে ১১৫ রানেই ৭ উইকেটে পরিণত হয়। শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। ১৮তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ফাহিম আশরাফ ঝড়ের আভাস দিলেও পরের বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু ডাচ ফিল্ডার ম্যাক্স ও’ডাউড সেই সহজ ক্যাচ মিস করলে ম্যাচ থেকে ছিটকে যায় নেদারল্যান্ডস। ওই ওভারে দুই ছক্কা ও এক চারে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ফাহিম। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। ১১ বলে ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন ফাহিম আশরাফ।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের স্পিনারদের তোপে ১৪৭ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। পাকিস্তানের পক্ষে সালমান মির্জা ৩টি এবং আবরার আহমেদ ও সাইম আইয়ুব ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালোই ছিল। সাহেবজাদা ফারহান ৪৭ রানের লড়াকু ইনিংস খেলে ভিত গড়ে দিলেও মাঝপথে ডাচ বোলার আরইয়ান দত্ত ও পল ফন মিকারেনের বোলিংয়ে বিপর্যয়ে পড়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ মুহূর্তের রোমাঞ্চে ফাহিমের ব্যাটে চড়েই হাসি মুখে মাঠ ছাড়ে পাকিস্তান।

পোস্ট লিংক : https://xn--lck2e.online/news/1216